মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭: মানবণ্টন, যোগ্যতা ও শেষ ৩ সপ্তাহের প্ল্যান

শেষ হালনাগাদ: · স্মার্ট সহায় টিম

সংক্ষেপে: এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ২০২৬। আবেদনে লাগবে এসএসসি-এইচএসসি মিলিয়ে জিপিএ ৮.৫০। পরীক্ষা ১০০ নম্বরের MCQ, ১ ঘণ্টা ১৫ মিনিট, প্রতি ভুলে ০.২৫ কাটা — সবচেয়ে বেশি নম্বর জীববিজ্ঞানে (৩০)।

হাতে আছে ৩ সপ্তাহ। এই সময়ে নতুন কিছু শুরু না করে আগের প্রশ্নে বারবার আসা অধ্যায়গুলো ঝালাই করাই সবচেয়ে কাজের — নিচে আগের ৫ বছরের ৫০০ প্রশ্ন বিশ্লেষণ করে সেই তালিকা দেওয়া হলো।

পরীক্ষা কবে, আবেদন কবে

বিষয়তথ্য
ভর্তি পরীক্ষা১৮ ডিসেম্বর ২০২৬ (এমবিবিএস ও বিডিএস একই দিনে, একই প্রশ্নে)
ভর্তি নীতিমালাপ্রকাশিত, ২৪ নভেম্বর ২০২৬ (বিএমডিসি)
বিজ্ঞপ্তি ও আবেদনবিজ্ঞপ্তির অপেক্ষা; আবেদন হয় dgme.teletalk.com.bd-তে
আবেদন ফিগত বছর ১,০০০ টাকা (টেলিটক প্রিপেইড থেকে)

তারিখ আগে ৪ ডিসেম্বর ঠিক ছিল, পরে ১৮ ডিসেম্বর করা হয়েছে। আবেদনের তারিখ বিজ্ঞপ্তিতে আসবে — এলে এখানে যোগ হবে।

আবেদনের যোগ্যতা (২০২৬-২৭ নীতিমালা)

  • বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান — দুটোতেই নিয়মিত পাস।
  • এসএসসি আর এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০।
  • এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন আর জীববিজ্ঞান থাকতে হবে; জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ (এ মাইনাস)।
  • সম্পূরক পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে না।
  • সাধারণ আসনে শুধু বাংলাদেশের নাগরিক; বিদেশিরা সংরক্ষিত আসনে।

মানবণ্টন ও নিয়ম

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী। নতুন বিজ্ঞপ্তিতে বদল এলে এখানে হালনাগাদ হবে।

বিষয়নম্বর
জীববিজ্ঞান৩০
রসায়ন২৫
পদার্থবিজ্ঞান১৫
ইংরেজি১৫
সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি১৫
মোট (১০০টি MCQ)১০০

সময় ১ ঘণ্টা ১৫ মিনিট — প্রতি প্রশ্নে ৪৫ সেকেন্ড। প্রতি ভুলে ০.২৫ কাটা, পাস নম্বর ৪০। গত বছর পদার্থবিজ্ঞান থেকে ৫ নম্বর কমিয়ে সাধারণ জ্ঞান অংশে যোগ করা হয়, আর নতুন যোগ হয় প্রবণতা ও মানবিক গুণাবলির প্রশ্ন।

মেধাতালিকা কীভাবে হয়

অংশনম্বর
এসএসসি জিপিএ × ৮সর্বোচ্চ ৪০
এইচএসসি জিপিএ × ১২সর্বোচ্চ ৬০
ভর্তি পরীক্ষাসর্বোচ্চ ১০০
মোট২০০

গত বছর আগের বছরে এইচএসসি পাস করা প্রার্থীর মোট থেকে ৩ নম্বর, আর আগের বছর সরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তি থাকা প্রার্থীর ৫ নম্বর কাটা হয়েছিল। জিপিএ ৫ আর ৫ থাকলে জিপিএ অংশে পুরো ১০০ — তখন পার্থক্য গড়ে শুধু ভর্তি পরীক্ষা। গত বছর ১ লাখ ২২ হাজারের বেশি আবেদনকারীর মধ্যে সরকারি মেডিকেল-ডেন্টালে নির্বাচিত হন ৫,৬৪৫ জন।

আগের প্রশ্নে কোন অধ্যায় বেশি

স্মার্ট সহায়ের প্রশ্নব্যাংকে থাকা শেষ ৫ সেশনের (২০২১-২২ থেকে ২০২৫-২৬) মেডিকেল ভর্তি পরীক্ষার ৫০০ প্রশ্ন অধ্যায় ধরে গুনে দেখা হয়েছে:

বিষয়যেসব অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে
জীববিজ্ঞান ১ম পত্রঅণুজীব, উদ্ভিদ শারীরতত্ত্ব, কোষ ও কোষের গঠন, কোষ রসায়ন, জীবপ্রযুক্তি
জীববিজ্ঞান ২য় পত্রপ্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, রক্ত ও সঞ্চালন, পরিপাক ও শোষণ, মানবদেহের প্রতিরক্ষা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, জিনতত্ত্ব ও বিবর্তন
রসায়ন ১ম পত্ররাসায়নিক পরিবর্তন, গুণগত রসায়ন, কর্মমুখী রসায়ন, পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
রসায়ন ২য় পত্রজৈব রসায়ন (প্রতি বছর গড়ে ৫টি), পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন
পদার্থবিজ্ঞান ১ম পত্রনিউটনিয়ান বলবিদ্যা, তরঙ্গ, মহাকর্ষ ও অভিকর্ষ, ভৌত জগৎ ও পরিমাপ
পদার্থবিজ্ঞান ২য় পত্রতাপগতিবিদ্যা, চল তড়িৎ, ভৌত আলোকবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান
ইংরেজিVocabulary, Parts of Speech, Idiom, Noun-Verb, Preposition, Sentence correction
সাধারণ জ্ঞানপ্রায় ৯০% বাংলাদেশ বিষয়াবলি; বাকিটা বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক

তিনটা জিনিস চোখে পড়ার মতো: জীববিজ্ঞানের দুই পত্র থেকে প্রায় সমান প্রশ্ন আসে; রসায়ন আর পদার্থবিজ্ঞানে ২য় পত্র থেকে বেশি আসে; আর রসায়নে একা জৈব রসায়নই সবচেয়ে বড় অংশ। শেষ সময়ে এই অধ্যায়গুলো আগে ধরো।

শেষ ৩ সপ্তাহের প্ল্যান

সময়লক্ষ্য
২৬ নভেম্বর – ২ ডিসেম্বরজীববিজ্ঞান দুই পত্র — ওপরের অধ্যায়গুলো; প্রতিদিন ৫০টি MCQ, ভুলগুলো আলাদা খাতায়
৩ – ৯ ডিসেম্বররসায়ন (জৈব রসায়ন আগে) আর পদার্থবিজ্ঞান (তাপগতিবিদ্যা, চল তড়িৎ, বলবিদ্যা); দিনে ১টা বিষয়ভিত্তিক টেস্ট
১০ – ১৫ ডিসেম্বরইংরেজি আর সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি); প্রতিদিন ১টা পূর্ণ মডেল টেস্ট — ১০০ প্রশ্ন, ১ ঘণ্টা ১৫ মিনিট
১৬ – ১৭ ডিসেম্বরশুধু ভুলের খাতা আর আগের সেশনের প্রশ্নে চোখ বোলানো; প্রবেশপত্র, কেন্দ্র আর ঘুম ঠিক রাখা

মডেল টেস্টে কোন অধ্যায়ে বারবার নম্বর কাটছে দেখো — পার্সোনালাইজড এক্সাম তোমার উইক অধ্যায় ধরে আলাদা এক্সাম বানিয়ে দেয়।

পরীক্ষার হলে

  • প্রথমে জীববিজ্ঞান আর ইংরেজির সহজ প্রশ্নগুলো শেষ করো — কম সময়ে বেশি নম্বর।
  • যে প্রশ্নে দুটো অপশনের মধ্যেও নিশ্চিত না, ছেড়ে দাও; ৪টা ভুলে ১ নম্বর কাটা যায়।
  • অঙ্কের প্রশ্ন (পদার্থ, রসায়ন) শেষে রাখো, সময় হিসাব করে।
  • OMR-এ বৃত্ত ভরাট করো প্রশ্ন শেষ করার সাথে সাথে, শেষে একসাথে না।

আগের প্রশ্ন অনুশীলন

মেডিকেলে আগের প্রশ্নের ধাঁচ আর অধ্যায় বারবার ফিরে আসে। সেশন ধরে সমাধান করো — প্রশ্ন আর অপশন ফ্রি।

বিশ্ববিদ্যালয়েও আবেদন করবে? দেখো গুচ্ছ ভর্তি গাইড আর নিজের জিপিএ দিয়ে কোথায় আবেদন করা যাবে, দেখে নাও ভর্তি যোগ্যতা যাচাই টুলে।

সাধারণ প্রশ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ কবে?

সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ২০২৬। আগে ৪ ডিসেম্বর ঠিক করা হয়েছিল, পরে পেছানো হয়।

মেডিকেলে আবেদন করতে কত জিপিএ লাগবে?

২৪ নভেম্বর প্রকাশিত নীতিমালা অনুযায়ী এসএসসি আর এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.৫০, আর জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ (এ মাইনাস)। বিজ্ঞান বিভাগ থেকে নিয়মিত পাস করতে হবে; সম্পূরক পরীক্ষায় পাস করলে আবেদন করা যাবে না।

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর?

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১০০ নম্বরের MCQ ছিল: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ আর সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫। সময় ১ ঘণ্টা ১৫ মিনিট, প্রতি ভুলে ০.২৫ কাটা, পাস নম্বর ৪০। ২০২৬-২৭-এর মানবণ্টন বিজ্ঞপ্তিতে আসবে।

মেধাতালিকায় জিপিএর নম্বর কীভাবে যোগ হয়?

গত বছর এসএসসি জিপিএ × ৮ আর এইচএসসি জিপিএ × ১২ — মোট ১০০ নম্বর, সাথে ভর্তি পরীক্ষার ১০০। আগের বছরে এইচএসসি পাস করা প্রার্থীর মোট থেকে ৩ নম্বর আর আগের বছর সরকারি মেডিকেল-ডেন্টালে ভর্তি থাকা প্রার্থীর ৫ নম্বর কাটা হয়েছিল।

প্রতিযোগিতা কেমন?

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, পাসের হার ছিল ৬৬.৫৭%, আর সরকারি মেডিকেল-ডেন্টালে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিলেন ৫,৬৪৫ জন — অর্থাৎ প্রায় ২২ জনে ১ জন।

আগের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কোথায় পাব?

স্মার্ট সহায়ের প্রশ্নব্যাংকে মেডিকেল (১৯৯৫-৯৬ থেকে ২০২৫-২৬, ৩১ সেশন), ডেন্টাল আর এএফএমসির আগের প্রশ্ন সেশন ধরে আছে। প্রশ্ন আর অপশন ফ্রি দেখা যায়।

আগের বছরের প্রশ্নে এক্সাম দাও স্মার্ট সহায় অ্যাপে

পার্সোনালাইজড এক্সাম, উইক টপিক ধরে রিভিশন আর ব্যাখ্যাসহ উত্তর — Android ও iPhone-এ ফ্রি ডাউনলোড।

সব গাইড দেখো →

তথ্যসূত্র

পরীক্ষার তারিখ, পদসংখ্যা আর মানবণ্টন সার্কুলারভেদে বদলায়। আবেদনের আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি মিলিয়ে নাও।

WhatsApp